হোম > জাতীয়

ধারদেনায় চলছে হামে আক্রান্ত বেশির ভাগ শিশুর চিকিৎসা

গোলাম মোস্তফা

দীর্ঘ সাত বছরের প্রতীক্ষা জুয়েল-ছালমা দম্পতির। অবশেষে তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। একমাত্র সন্তান জামিলাকে (২) ঘিরেই তাদের সব স্বপ্ন আর সুখের পৃথিবী। কিন্তু সেই সুখের সংসারে হঠাৎ করেই নেমে এসেছে দুঃস্বপ্ন।

মেয়ের প্রথমে ঠান্ডা-জ্বর থেকে নিউমোনিয়া হয়। পরে হামে আক্রান্ত হলে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে আসে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন।

একদিকে আদরের সন্তানের অসুস্থতায় উদ্বিগ্ন, অন্যদিকে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। শিশুটির বাবা জুয়েল হোসেন আমার দেশকে বলেন, ‘আমার মেয়ে আইসিইউতে ১২ দিন ধরে আছে। মেয়ের মুখের দিকে তাকানো যায় না। হাম আমার ছোট্ট মেয়েটিকে অনেক কষ্ট দিচ্ছে। ওষুধপত্র, পরীক্ষা-নিরীক্ষায় এখন পর্যন্ত দুই লাখ টাকার বেশি খরচ হয়েছে। এর মধ্যে ৫০ হাজার টাকা কিস্তিতে নিয়েছি।

আর ভাইবোনের কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার করেছি। এখন আমার পকেটে ৫০০ টাকাও নেই। আবার ঋণ করার জন্য আত্মীয়স্বজনদের কাছে ফোন করেছি। তা না হলে মেয়েকে চিকিৎসা করাব কীভাবে!’

নাঈম হোসেন নামে আরেক শিশুর বাবা বলেন, ‘আমি ভ্যানগাড়ি চালাই। দিন আনি, দিন খাই। আমার এখন পর্যন্ত ৬০ হাজার টাকা খরচ হয়েছে। ছেলেকে চিকিৎসা করাতে গিয়ে একদম শেষ হয়ে গেছি। যারা একবার টাকা দিয়েছে, তারা আর দিতে চায় না। কলিজাটা ফেটে যাচ্ছে। কারো কাছে বলতে পারছি না, সইতেও পারছি না। শুধু এ দুই পরিবার নয়, হামে আক্রান্ত এমন অসংখ্য শিশুর পরিবারের একই অবস্থা।

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় শয্যার সংকটে বারান্দা, করিডর, ওয়ার্ডে এখন উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘ অপেক্ষা। কেউ সন্তানকে বাঁচাতে ধারদেনা করছেন, আবার কেউ শেষ সম্বলটুকুও হারাচ্ছেন চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। আবার অনেক পরিবার চিকিৎসা চালাতে গিয়ে ঋণের জালে আটকে পড়ছেন, কেউ কেউ সন্তান হারিয়ে শোকের পাশাপাশি বহন করছেন দেনার বোঝা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা ব্যয়ের আশঙ্কায় অনেক নিম্ন আয়ের পরিবার অসুস্থ শিশুকে শুরুতেই হাসপাতালে নিতে দ্বিধায় পড়ে। ফলে রোগের অবস্থা গুরুতর হয়ে যাওয়ার পরই তারা চিকিৎসার জন্য ছুটে যান। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসা, ওষুধ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং পুষ্টিকর খাদ্যের অতিরিক্ত ব্যয় পরিবারের আর্থিক সংকটকে আরো গভীর করে তোলে।

হামের চিকিৎসায় কত খরচ

দেশে হামের চিকিৎসায় গড় ব্যয় নিয়ে এখনো কোনো সরকারি গবেষণা নেই। তবে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল, সংক্রামক ব্যাধি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে হামের চিকিৎসা নেওয়া অন্তত ২০ শিশুর অভিভাবক ও স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি হাসপাতালে তিন দিন থাকলে রোগীপ্রতি খরচ হচ্ছে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। আবার রোগীর জটিলতা কিংবা বেশি দিন থাকলে খরচ ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকাও ছাড়িয়ে যাচ্ছে।

আর বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে খরচ কয়েকগুণ বেশি। মানহীন সাধারণ একটি ক্লিনিকে প্রতিদিন গড়ে ব্যয় হচ্ছে ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া শিশুদের আইসিইউ বা পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রয়োজন হলে প্রতিদিন গড়ে ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। আবার নামকরা কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে গড়ে তিন লাখ টাকারও বেশি খরচ হচ্ছে। সন্তানের চিকিৎসার জন্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা এনজিও থেকে ঋণ নিয়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। আবার কেউ কেউ গয়নাও বিক্রি করে দিচ্ছেন। আর এই খরচের মধ্যে রয়েছে রোগীর পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কেনা, যাতায়াত ও ঢাকায় থাকা-খাওয়া।

রাজধানীর শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে এক সপ্তাহ ধরে ছেলের চিকিৎসা করাচ্ছেন গাজীপুরের মিনা বেগম। তিনি আমার দেশকে বলেন, ‘আমার স্বামী একটি কোম্পানির গাড়ি ড্রাইভার। সামান্য যা বেতন পান, তা দিয়েই আমাদের সংসার চলে। কিন্তু বাচ্চা অসুস্থ হওয়ার পর প্রথমে গাজীপুরে একটি ক্লিনিকে ভর্তি করি। সেখানে তিন দিনে বিল আসে ৬০ হাজার টাকা। যা জমানো টাকা ছিল, সব খরচ হয়ে যায়। পরে ঋণ করে ঢাকায় আসি। এখানেও ওষুধপত্র, থাকা-খাওয়াসহ প্রতিদিন দুই হাজার টাকার বেশি খরচ হচ্ছে। সমিতি থেকে ঋণ নিয়েছি, ধারদেনা করে কোনোরকমে এখন চিকিৎসা চলছে।’

সংক্রামক ব্যাধি হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আরমান হোসেন বলেন, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে তিন হাসপাতালে ভর্তি করেছি। তাতে আমার ৮০ হাজার টাকা খরচ হয়েছে। পরে ঢাকায় এসেছি। এখানে ভর্তির পর খরচ কম। তবুও ব্লাড সিরাম টিআইবিসি, হিমোগ্লোবিন পরীক্ষাসহ অনেক পরীক্ষা করাতে হয়। আবার অনেক ওষুধপত্রও বাইরে থেকে কিনতে হয়। আমরা গরিব মানুষ। ধারদেনা ও ঋণের ওপর এখন চিকিৎসা চলছে। জানি না কেমন করে এই দেনা শোধ করব।’

শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুল ইসলাম আমার দেশকে বলেন, কোনো শিশু যখন হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়, তারা হাম থেকে সুস্থ হয়ে উঠলেও নিউমোনিয়া থেকে সেরে উঠতে দীর্ঘ সময় লাগে। ফলে রোগীদের খরচ বাড়ছে। কোনো শিশুর জটিল অবস্থা হলে ইনজেকশন দিতে হয়। যার দাম ছয়-সাত হাজার টাকার মতো, যা অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তবে হাসপাতালে আইজিএম পরীক্ষাসহ প্রায় ৯০ শতাংশ পরীক্ষা সরকারি খরচে করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন আমার দেশকে বলেন, হামে আক্রান্ত শিশুদের পরিবারের মধ্যে বেশিরভাগই হচ্ছে নিম্ন আয়ের মানুষ। চিকিৎসা ব্যয়ের আশঙ্কায় অনেক নিম্ন আয়ের পরিবার অসুস্থ শিশুকে শুরুতেই হাসপাতালে নিতে দ্বিধায় পড়ে। আবার অনেক শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এ জন্য মৃত্যুঝুঁকিও বাড়ছে। কারণ, তারা দরিদ্র পরিবারের সন্তান। যেখানে তারা তিন বেলা খেতেই হিমশিম খায়, সেখানে পুষ্টিকর খাবার কীভাবে খাবে।

তিনি বলেন, আর্থিক অবস্থা যা-ই থাকুক, চিকিৎসা খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে নিম্নবিত্তরা। তাই সবার জন্য প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করতে হবে।

আরো ছয় শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২৯২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ৩৩৪ জন। আর সরকারি হিসাবে ৮০ দিনে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে মারা গেছে ৫৯৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং সন্দেহজনক হামে মারা গেছে ৫০৪ শিশু। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ৭৩ হাজার ৩৬২ জন। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ১৩৬। এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। এ ছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

আদালতের নির্দেশনা উপেক্ষা, বিএসবিআরএর নির্বাচন স্থগিত

বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীতের সিদ্ধান্ত

বাড়ছে বিদ্যুতের দাম ঘোষণা আজ

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে

সুপ্রতিষ্ঠিত সন্তানদের মায়ের গলিত লাশ মিলল পরিত্যক্ত ঘরে

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রফেসর ইউনূস

‘বাংলাদেশের এ বিজয় কূটনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ মাইলফলক’

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ