হোম > জাতীয়

জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের রক্ষাকবচ: মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, সামরিক বাহিনীর প্রতি জনগণের সমর্থন ও তাদের সঙ্গে ঐক্য ছাড়া কোনো সামরিক বাহিনীই তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে না।

বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা জাতীয় বীর মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ছোট দেশ হলেও জনসংখ্যা বিশাল। তবে চারদিক থেকে একটি শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত থাকায় দেশটি ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ। তার মতে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও পারমাণবিক শক্তিধর ওই রাষ্ট্র ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে করদ রাষ্ট্র হিসেবে দেখতে অভ্যস্ত এবং সেই উদ্দেশ্য এখনো রয়ে গেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে যদি আমাদের প্রতিরোধ করতে হয়, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বজায় রাখতে হয়, রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই এই দেশের শক্তিশালী সামরিক বাহিনী লাগবে। এটা একটা ফান্ডামেন্টাল।

দ্বিতীয় মৌলিক শর্ত হিসেবে জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যের কথা বলেন আমার দেশ সম্পাদক। মাহমুদুর রহমান বলেন, দ্বিতীয় ফান্ডামেন্টাল হলো যে বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সামরিক বাহিনীর একটা ঐক্য লাগবে। কারণ যে সামরিক বাহিনী জনগণ দ্বারা সমর্থিত হবে না, যে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের ঐক্য থাকবে না, সেই সামরিক বাহিনী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে না। এটাই মোদ্দাকথা। দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি মনে করি, এই ধরনের দূরত্ব দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই দূরত্ব আমরা যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারব, তত ভালো।

জনগণ ও সেনাবাহিনীর দূরত্ব দেশের সার্বভৌমত্বের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মনে করেন মাহমুদুর রহমান। তিনি যত দ্রুত সম্ভব এই দূরত্ব ঘোচাতে কাজ করার আহ্বান জানান। দূরত্ব তৈরির কারণ সম্পর্কে মাহমুদুর রহমান বলেন, এই দূরত্ব সৃষ্টির পেছনে কিছু ঐতিহাসিক কারণ আছে বলে আমি মনে করি। এই দূরত্বটা প্রধানত তৈরি হয়েছিল ১/১১-এর মাধ্যমে। ১/১১ থেকেই জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার দেড় দশকে এই দূরত্বটা আরও বাড়ানো হয়েছে। সামরিক বাহিনীর এক শ্রেণির উচ্চাভিলাষী অফিসারদের নানা রকম মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত করা হয়েছে। কেউ কেউ স্বেচ্ছায় জড়িত হয়েছেন। তাদের অনেকের এখন বিচার চলছে। এসবের মাধ্যমে তৈরি হওয়া এই দূরত্ব আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে হবে।

সেনাবাহিনীর উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, আমাদের অনেক অফিসার অনেক ভুল করেছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা ভুল আর বাড়াবেন না। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আছে, এমন কিছু কর্মকর্তা ও কয়েকজন রাজনীতিবিদকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করা হয়েছে। এটি সেনাবাহিনীর ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, এ ভুলের পুনরাবৃত্তি না হওয়াই ভালো।

বাংলাদেশের ইতিহাস নিয়ে বিভ্রান্তির কথা তুলে ধরে ইতিহাসের একজন ছাত্র ও গবেষক হিসেবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এমন ইতিহাসচর্চা চলছে, যেন ১৯৭১ সালের আগে এই ভূখণ্ডের কোনো ইতিহাসই ছিল না। তার অভিযোগ, একজন ব্যক্তি ও একটি পরিবারকে মহিমান্বিত করতেই ১৯৭১ সালের গল্প শেখানো হয়েছে। অথচ এই অঞ্চলের ইতিহাস হাজার বছরের পুরোনো। তিনি বলেন, প্রকৃত ইতিহাস রচনা করতে হলে মেজর গণির মতো মানুষদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দিতে হবে। সামরিক বাহিনীকে দেশপ্রেমে উজ্জীবিত করতেও এ ধরনের ব্যক্তিদের জীবনী নিয়মিত চর্চা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সভায় সিপাহি বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চট্টগ্রামের মুসলমান সৈনিক রজব আলী এখানে এই বিপ্লবের সূচনা করেছিলেন। অথচ তার নাম কয়জন জানে, কিংবা কোথায় তাকে সম্মান দেওয়া হয়েছে—এমন প্রশ্নও তোলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে তৈরি হয়নি, হাজার বছর ধরে তৈরি হয়েছে। মুসলমানদের জন্য এই উপমহাদেশে একটি স্বাধীন দেশ আগেই গড়ে উঠেছিল এবং ১৯৭১ সালে বাঙালি মুসলমানদের জন্য আবার একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই ইতিহাস অবিরাম চর্চা হওয়া দরকার বলে তিনি মত দেন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, জাতীয় ও রাজনৈতিক অঙ্গনে মেজর গণির মতো বীরদের স্মরণ করার উপযুক্ত আয়োজন হয় না। কেবল সেনাবাহিনী ও রাওয়া ক্লাব প্রতিবছর আনুষ্ঠানিকতা পালন করে। জাতীয় ইতিহাস ও সমরাভিজ্ঞতাকে স্বতন্ত্র রূপ দিতে যার ভূমিকা শীর্ষে, তাকে জাতীয় পর্যায়ে এক প্রকার ‘আনসাং হিরো’ বা অশ্রুত নায়ক বানিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে বাঙালি মুসলিম সৈন্যদের অবিস্মরণীয় বীরত্বের ধারাবাহিকতায় মেজর গণি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের উদ্যোগ নেন। তিনি এই বাহিনীর নাম ‘ইস্ট পাকিস্তান রেজিমেন্ট’ না রেখে ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ রেখেছিলেন, যা পূর্ব বাংলার ইতিহাস, গৌরব ও ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করেছিল। মেজর গণির অবদান কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা ছিল বাঙালি মুসলিম জাতির গৌরবের ধারাবাহিকতা। এ সময় কুমিল্লা সেনানিবাসের নাম ‘মেজর গনি সেনানিবাস’ রাখার জোর দাবি জানান শওকত মাহমুদ।

স্বাগত বক্তব্যে রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক বলেন, মেজর গণি কুমিল্লার নাগাইশ গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালে পূর্ব বাংলায় শিক্ষার হার ছিল মাত্র ৫ শতাংশ এবং সামাজিক নানা প্রতিকূলতা বিদ্যমান ছিল। সেই পরিস্থিতি থেকে উঠে এসে তিনি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় পূর্ব বাংলায় নিজস্ব কোনো সামরিক কাঠামো ছিল না। সেই কঠিন সময়ে মেজর গণি রিক্রুটিং অফিসার হিসেবে ঘুরে ঘুরে বাঙালি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনেও ভূমিকা রাখেন।

আবদুল হক আরও বলেন, পাকিস্তানি উচ্চপদস্থ সেনাকর্তা ও জিওসিদের সামনেও তিনি ন্যায়সংগত ও ভাষার দাবিগুলো স্পষ্ট এবং সাহসের সঙ্গে তুলে ধরতেন, যা তার সামরিক ক্যারিয়ারে পদোন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও তিনি নীতির সঙ্গে আপস করেননি। বর্তমান প্রজন্মের কাছে, এমনকি সামরিক বাহিনীর অনেকের কাছেও মেজর গণির সঠিক ইতিহাস পৌঁছায়নি।

তিনি বলেন, মেজর গণির বাংলাদেশের জন্য যেসব অবদান এবং তার লড়াই পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত। প্রতিটি প্রজন্মকে গণিদের ইতিহাস জানিয়ে দেওয়া উচিত।

মেজর মুহাম্মদ আবদুল গণির ছেলে কর্নেল (অব.) তাজুল ইসলাম গণি তার পিতার স্মৃতিচারণ করে আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় মেজর গণির অবদানের সঠিক মূল্যায়ন করে প্রকৃত ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আলম খান, মেজর (অব.) মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) জোনায়েদ আহমেদ।

৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ

লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

জানা গেল মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি

বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

বাসে আগুন ও ককটেল নিক্ষেপ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদুর রহমানের বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি উধাও