হোম > জাতীয়

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

নগর তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি চিহ্নিতকরণ এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই প্রকল্পের উদ্বোধন করেন।

এক্সপোজিং হিডেন হিট: ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ শীর্ষক এই গবেষণা প্রকল্পটি ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এতে অংশীদার হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যুক্তরাষ্ট্রের টুলেইন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে নগরায়ণের ফলে তাপপ্রবাহ একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যঝুঁকি নিরূপণ এবং কার্যকর অভিযোজন কৌশল প্রণয়নে আন্তঃবিভাগীয় গবেষণার গুরুত্ব অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রবিউল আউয়াল। অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, গবেষণা কাঠামো এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। বিভাগটি নগর তাপপ্রবাহের বৈশিষ্ট্য এবং এর জনস্বাস্থ্যগত প্রভাব মূল্যায়নের জন্য প্রয়োজনীয় আবহাওয়াগত ও জলবায়ুবিষয়ক বিশ্লেষণ পরিচালনা করবে। উন্নত ডেটা বিশ্লেষণ, তাপমাত্রার মানচিত্রায়ন এবং পরিবেশগত পর্যবেক্ষণের মাধ্যমে ঢাকার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার স্থানিক ও কালিক বৈচিত্র্য নির্ণয় করা হবে। এসব তথ্য নগর পরিকল্পনায় বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার, যিনি এ প্রকল্পের সহ-প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রকল্পের আবহাওয়া ও জলবায়ু গবেষণা কার্যক্রম তদারকি করবেন এবং জলবায়ু বিজ্ঞান, জনস্বাস্থ্য ও নগর উন্নয়ন গবেষণার সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রকল্পটির মাধ্যমে এমন বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক জ্ঞান তৈরি হবে, যা নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়ন কৌশল প্রণয়নে সহায়ক হবে। ঢাকাসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরেও এ গবেষণার ফলাফল কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে চরম তাপপ্রবাহ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ ধরনের গবেষণা উদ্যোগ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। তিনি আরও বলেন, গবেষণাকে কেবল শ্রেণিকক্ষ বা গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে মানবকল্যাণ নিশ্চিত করতে পারলেই শিক্ষা ও গবেষণা সার্থক হবে।

রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ অধিক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এই গবেষণার কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমই

পে-স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

একটি শক্তিশালী দুদক প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ফারুক মেহেদী

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক

রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতীয় ভিসা নিয়ে নতুন নির্দেশনা