গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইনের এক নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান
নিহত ব্যক্তির নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)। তিনি ফিলিপাইনের নাগরিক।
রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি তার শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।