প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিনব্যাপী সফরে বৃহস্পতিবার উৎসবমুখর হয়ে ওঠে লালমনিরহাট। সফরে তিনি মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, শুভেচ্ছা বিনিময়, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে বক্তব্য এবং ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন।
দিনের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করতে চায় সরকার।
দুপুরে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা এসব অপরাজনীতি করছে, তাদের সমুচিত জবাব দিতে হবে। সেই জবাব হলো ‘এনাফ ইজ এনাফ’।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার খাল খনন, শিল্প-কলকারখানা গড়ে উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার রাজনীতি করতে চায়। মানুষের ভাগ্য পরিবর্তনই তাঁদের রাজনীতির লক্ষ্য।
লালমনিরহাটবাসীর গণতন্ত্রের পক্ষে অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, যেভাবে এ জেলার মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, আগামী দিনেও একই অবস্থানে থাকবে বলে তিনি আশা করেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটাই জবাব—‘এনাফ ইজ এনাফ’। এ জন্য দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করতে হবে।
দেশের ভাগ্য পরিবর্তনে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবার ষড়যন্ত্র করছে।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা অন্য দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা তা কেড়ে নিতে চায়। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করছে।
অর্থপাচারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমেও এসব অর্থপাচারের ঘটনা উঠে এসেছে। দেশের গরিব, দুস্থ ও অসহায় মানুষের অর্থ লুট করে তারা বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের প্রত্যাশা প্রতিষ্ঠিত হয়েছিল। ষড়যন্ত্রকারীরা আবার এসব অধিকার কেড়ে নিতে চায়।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তারা কি আবার গুম-খুনের রাজনীতি, ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং মানুষের কথা বলার অধিকার হরণের রাজনীতি করতে পারবে? এসব অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষমতায় থাকতে মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ, নির্যাতন ও গুমের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, পালিয়ে যাওয়ার পরও তারা আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মানুষকে পুড়িয়ে মারা ও আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।
ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যার অভিযোগ করে তিনি বলেন, মানুষ হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা ও স্বস্তি চায়। নিজেদের ও দেশের অগ্রগতি চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে তিনি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।