হোম > জাতীয়

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

জমঈয়তে আহলে হাদীসের জাতীয় সেমিনারে ড. আব্দুল্লাহ ফারুক

স্টাফ রিপোর্টার

পবিত্র হারামাইন শরীফাইন—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর নিরাপত্তা, সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা মুসলিম উম্মাহর অন্যতম ঈমানি দায়িত্ব। পবিত্র এ দুই স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা নিন্দনীয়। এ বিষয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত ‘হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান: আমাদের ঈমানি দায়িত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, ‘হারামাইন শরীফাইনের সুরক্ষা আমাদের ঈমানের অংশ। পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। এ দুই পবিত্র স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।’ হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। পবিত্র দুই মসজিদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। হারামাইন শরীফাইনের সুরক্ষায় সেনাবাহিনী পাঠানোর প্রত্যয় ব্যক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। সরকারকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোকে সমন্বিত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জমঈয়তে আহলে হাদীসের সভাপতি বলেন, মুসলিম উম্মাহর পারস্পরিক বিভেদ ভুলে পবিত্র হারামাইন শরীফাইনের সুরক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে। পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সময়ের দাবি।

ইরানের কঠোর সমালোচনা করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন বলেন, ভারত যেমন দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর বড় সমস্যা ও নিরাপত্তার জন্য হুমকি, ইরান সারা বিশ্বের মুসলমানদের মধ্যে শিরক ও বিদআত সরবরাহ করে থাকে। হুথিদের নিয়ে ইরান পবিত্র হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণ নিতে চায়। তারা এর নিয়ন্ত্রণ নিতে পারলে আজান পরিবর্তন করে দেবে; সেখানে খোমেনির ছবি টানিয়ে দেবে। ফলে ঈমান-আকিদার স্বার্থে এদের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মুসলেহ উদ্দীন, কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমাম হুসাইন।

আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, ফাতাওয়া ও গবেষণাবিষয়ক সেক্রেটারি ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সেক্রেটারি আনওয়ারুল ইসলাম জাহাঙ্গীর এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহিল হাদী ও সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদসহ অন্য নেতারা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং হারামাইন শরীফাইনের মর্যাদা রক্ষার বিষয়ে বিশ্ব মুসলিমের মধ্যে সচেতনতা, সংহতি ও দায়িত্বশীল অবস্থান জোরদার করাই এ সেমিনারের অন্যতম উদ্দেশ্য।

হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষায় তারা সেখানে লোক পাঠানোরও অঙ্গীকার ব্যক্ত করেন।

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল