‘হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদায় মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনারে ইসলামি চিন্তাবিদেরা বলেছেন, পবিত্র মক্কা মোকাররমা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তারা বলেন, হারামাইন শরীফাইনের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি মুসলিম বিশ্বের সংহতি আরও জোরদার করা প্রয়োজন।
শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মানযুর এ ইলাহী, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, প্রফেসর ড. মুসলেহুদ্দীন, অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক, ড. শহীদুল্লাহ খান মাদানী, ড. মুহাম্মাদ নুরুল্লাহ, শাইখ জাহিদ হাসান মাদানী, ড. ইব্রাহিম আব্দুল হালীম, ড. আব্দুল বাছির প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র দুই মসজিদ শুধু সৌদি আরবের নয়; বরং বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু। তাই হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও পবিত্রতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় মুসলিম উম্মাহর মধ্যে সচেতনতা, সংহতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা জরুরি।
তারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। বিশেষ করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনাকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
সেমিনারে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও পারস্পরিক অবিশ্বাস দূর করে ঐক্য, ভ্রাতৃত্ব, সংলাপ ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে আবেগনির্ভর প্রতিক্রিয়ার পরিবর্তে তথ্যভিত্তিক বিশ্লেষণ, দায়িত্বশীল বক্তব্য, কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করতে হবে। মুসলিমদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কোনো সমস্যার সমাধান হতে পারে না।
তারা বাংলাদেশ সরকারকে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক ও কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
সেমিনার থেকে পবিত্র দুই মসজিদের নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সংস্থা, মুসলিম বিশ্বের নেতা ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং বেসামরিক মানুষের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
হুতিদের সামরিক ও সশস্ত্র তৎপরতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান বক্তারা।
সেমিনারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সচেতনতা ও দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে মুসলিম উম্মাহ পবিত্র হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।