দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করতে অংশীজনদের নিয়ে একটি স্থায়ী সংলাপ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
ইউজিসির বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন বিষয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষা খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসক ও সংশ্লিষ্ট অংশীজনেরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা করতে পারবেন।
ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, শিক্ষকদের মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এ প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে। আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।
সভায় তিনি জানান, সরকারের উচ্চশিক্ষাবিষয়ক অঙ্গীকার এবং ইউজিসির বিদ্যমান কৌশলগত উন্নয়ন পরিকল্পনার আলোকে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক কর্মশালায় উচ্চশিক্ষা খাতের রূপান্তর ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে।
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে দক্ষ ও মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির ওপর গুরুত্বারোপ করে ড. মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের জন্য ব্যবস্থাপনা–বিষয়ক এবং নবীন শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। প্রশিক্ষণগুলো আবাসিক এবং হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হবে। এ ছাড়া প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা, পদোন্নতির সঙ্গে প্রশিক্ষণ যুক্ত করা এবং দেশি-বিদেশি প্রশিক্ষক পুল গঠনের বিষয়েও সভায় আলোচনা হয়। ইউজিসি বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় এসব প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।