হোম > জাতীয়

অধ্যাদেশ বাতিল না হলে অসহযোগিতার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

বিশেষ প্রতিনিধি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার নিজ নিজ দাপ্তরিক কাজ রেখে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। সচিবালয়ে নতুন ভবনের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন।

সমাবেশে সচিবালয়ে কর্মচারীদের নেতা বাদিউল কবীর বলেছেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে সচিবালয়ে বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দেয়া হবে। সরকারকে অসহযোগিতারও হুংকার দেন কর্মচারীদের এ নেতা।

এসময় কর্মচারীরা জনপ্রশাসন সচিবসহ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের বিরুদ্ধে স্লোগান দেন। বেলা সাড়ে ১২ টার দিকে কর্মচারীরা সচিবালয়ের সব গেইট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। তবে সচিবালয় কর্মরত ১৫ হাজার কর্মচারীর মধ্যে কয়েকশ কর্মচারী আন্দোলনে অংশ নেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। গতকাল সোমবার রাষ্ট্রপতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

অধ্যাদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যেকোনো কর্মচারীকে তাঁর কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তাঁর কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; এবং যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।'

এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছিল, দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি হতে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে।

অধ্যাদেশে আরও বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাঁকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে। এভাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী ৩০ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

সরকারের এ অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি এ অধ্যাদেশ নিবর্তনমূলক। তারা গত দুদিন সচিবালয়ে সভা-সমাবেশ করে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন। সরকারি কর্মচারীরা এ অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে এটি বাতিলের দাবি জানান।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত