হোম > জাতীয়

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

কবিতা

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দর থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের এ উদ্যোগের বিষয়ে জানান।

প্রথম পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে আরো কয়েকটি এয়ারলাইনস।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় পর্যটন নগরী কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়টি বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সভায় জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও সভায় জানানো হয়।

আন্তর্জাতিক কার্যক্রম শুরুর লক্ষ্যে বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি রানওয়ে মেরামতের কাজও শেষ হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অফিসের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সভায় জানায়, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি প্রস্তুত করা হয়েছে।

সভায় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় তৈরি বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। যাত্রীসেবা এবং আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিয়েও উপস্থাপনা দেওয়া হয়।

এ বিষয়ে বেবিচকের সদস্য (এটিএম) মো. নূর-ই আলম আমার দেশকে বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। তিনি সময় দিলেই এর কার্যক্রম শুরু হবে।

প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুটে ফ্লাইট

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ১২ অক্টোবরের সভায় জানান, নভেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং মাসকাট-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে কক্সবাজার থেকেই মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং এবং পেনাং-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। এর ফলে মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফ্লাই দুবাইয়ের আগ্রহ

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে ফ্লাই দুবাই। সংস্থাটির প্রতিনিধি সভায় জানানো হয়, দুবাই-ব্যাংকক-কক্সবাজার এবং কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে কক্সবাজার-ফুকেট ও ফুকেট-কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা তুলে ধরা হয়। এছাড়া এয়ার অ্যাস্ট্রা কক্সবাজার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে আরো পর্যালোচনা প্রয়োজন বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

পর্যটক আকর্ষণে বিশেষ প্যাকেজের প্রস্তাব

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সভায় সংগঠনটির প্রতিনিধি বলেন, দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে বিশেষ প্যাকেজ, সুবিধা ও ছাড় দেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে যাত্রীর সংখ্যা বাড়তে পারে। সভায় উপস্থিত অন্য এয়ারলাইনসের প্রতিনিধিরাও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র তৈরি করা হবে। এতে সম্ভাব্য পর্যটক চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন কৌশল পর্যালোচনা করা হবে। একই সঙ্গে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।

আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনা

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ বিভিন্ন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতও সহজ হবে। এতে কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ রয়েছে।

তবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের সম্ভাবনা কাজে লাগাতে শুধু আনুষ্ঠানিক উদ্বোধন বা ফ্লাইট চালু করাই যথেষ্ট নয়। নিয়মিত ফ্লাইট পরিচালনা, যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রুট নির্ধারণ, প্রতিযোগিতামূলক বিমানভাড়া এবং পর্যাপ্ত ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দেশের পর্যটন ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে।

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ