ফ্যাসিবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে সরকারি দল, বিরোধী দলসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উত্থান দেখতে চান না। দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে আর ফিরে যেতে চায় না দেশের মানুষ।
বুধবার কুমিল্লা জেলার লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে। তাদের এসব কর্মকাণ্ড দৃঢ় হাতে বন্ধ করতে হবে। এ জন্য সরকারি দল, বিরোধী দল, তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে পারলে ফ্যাসিস্টরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের বিষয়ে আমিনুল হক বলেন, শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, কেয়ার গিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গরু ও হাঁস-মুরগির খামারিদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করা হচ্ছে। আগে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বড় খামার থাকলে সেখান থেকে উৎপাদিত বায়োগ্যাস দিয়ে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা আয়োজন করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।