জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থায়নে পরিচালিত ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন কর্মসূচি ‘ARISE’-এর প্রথম ধাপে সর্বোচ্চ সহায়তা হিসেবে বাংলাদেশ পেতে যাচ্ছে ৩৭৪ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। প্রাপ্ত এই অর্থ প্রধানত উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে ব্যয় করা হবে।
শুক্রবার তুরস্কের আনাতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনস্থল থেকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি জানান, এই অর্থ মূলত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে এ তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. সাইমুম পারভেজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং তাঁর সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই বাংলাদেশের এ গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সরকারের জোরালো অবস্থানেরই প্রতিফলন এই তহবিল প্রাপ্তি।
তিনি আরও বলেন, সবুজ, নিরাপদ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ক্রমেই মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও উপকূলীয় ভাঙনের মতো সংকট মোকাবিলায় জলবায়ু অভিযোজন অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে ‘ARISE’ কর্মসূচির এই অর্থায়ন উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও সহনশীলতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।