হোম > জাতীয়

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সুনীল অর্থনীতি (ব্লু ইকোনোমি)কে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অংশীজন ও বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির দোয়েল সেমিনার হলে 'ব্লু ইকোনোমি থিংক ট্যাংক' আয়োজিত ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি ব্যবস্থাপনায় জাতীয় অংশীজনদের পরামর্শসভা’ শীর্ষক নীতি-নির্ধারণী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সমুদ্র বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনার উৎস। এ সম্পদের যথাযথ আহরণ ও ব্যবস্থাপনায় জাতীয় রূপরেখা, প্রয়োজনীয় আইনি কাঠামো এবং কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি। একই সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং সংশ্লিষ্ট সব জাতীয় অংশীজনের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সমুদ্র অর্থনীতি বিষয়ে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, গবেষক এবং বিশেষজ্ঞদের এই খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে সুনীল অর্থনীতিকে জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত করার সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিনির্ধারণী পর্যায়ে সমুদ্র অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক (বিনিয়োগ প্রচার বিভাগ) জীবন কৃষ্ণ সাহা রায়, প্রাইম ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের উপ-প্রধান ফারিবা নাজ শাওলী, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সেতু, সিমেক গ্রুপের নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রতন কুমার রায়, পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রভাষক মো. নুরুল আমিন এবং মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নুর-উন-নাহার উইলি। এছাড়া ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস-২০২৪’-এর অ্যালামনাই সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় অংশ নেন।

সমুদ্র অর্থনীতি বিষয়ে জ্ঞান-বিনিময় এবং অংশীজনদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস-ড্রাইভিং চেঞ্জ: অ্যালামনাই গ্রান্টস ফর ইনোভেশন’ কর্মসূচির আওতায় এ পরামর্শসভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি পুনর্গঠন ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না

তথ্য কর্মকর্তাদের ডিজিটাল যোগাযোগে সক্রিয় হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

ব্রয়লার চিকেন পার্টির পেজ থেকে পতিত ফ্যাসিস্ট লীগকে বার্তা

ঢাকার জলাবদ্ধতা নিয়ে সংসদে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল সংসদ