রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সানজিদা আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মর্মান্তিক ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালী পুড়ে যাওয়ায় শুরু থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।
এর আগে একই ঘটনায় সানজিদার বোন সাবা (২২) ও তার দেড় বছরের শিশুপুত্র এস আর রহমান মাহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে কাঁঠালবাগান বাজার এলাকার একটি সাততলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে রান্নার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।