হোম > জাতীয়

আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা

দাবি ভারতীয় গণমাধ্যমের

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এবার স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের বিকল্প পথ বিবেচনা করছেন তিনি। এ জন্য ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কয়েকটি সীমান্তবর্তী প্রবেশপথ ঘুরে দেখেছেন আওয়ামী লীগের নেতারা ও সমর্থকেরা।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর। পেট্রাপোল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। দুই দেশের বাণিজ্য ও মানুষের সীমান্ত পারাপারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে, বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট না থাকায় হাসিনার পক্ষে বিমানে করে বাংলাদেশে ফেরা সম্ভব হবে না। এ কারণে সড়কপথে সীমান্ত পার হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালের ২২ আগস্ট হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। এ অবস্থায় গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেন। চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়।

এর আগে, হাসিনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিতে একটি বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এ অবস্থায় তার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তাকে ‘হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে’ ফিরিয়ে আনা যেতে পারে।

হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত করেছে বাংলাদেশ সরকার। এ নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারত। দেশটি বলেছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসিনা বলেছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে প্রস্তুত। এ জন্য তাকে প্রত্যর্পণের প্রয়োজন নেই।

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে তারিখ হাসিনা ঘোষণা করেছেন, বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতীয় সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অবসান ঘটে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। ওই বছরের ৫ আগস্ট তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে যান। চলতি বছরের ৫ আগস্ট তার সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে দেশে ফেরার ইচ্ছার কথা জানান তিনি। এর পরই ডিসেম্বরে ফেরার ঘোষণা দেন।

হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন চ্যালেঞ্জ

হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই অস্বস্তির কারণ। তার প্রত্যর্পণকে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ইস্যু হিসেবে দেখছে ঢাকা। দুই দেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঢাকা ও দিল্লি—উভয় পক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সেই সফরের সম্ভাবনা এখন কম বলে মনে করা হচ্ছে।

এএম

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

দেশবিরোধী কোনো চুক্তি হবে না: বেবিচক চেয়ারম্যান

ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

স্পিকারকে ‘বীর বিক্রম’ সম্বোধন পাকিস্তান সেনাবাহিনীর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গণমাধ্যম সহযোগিতা জোরদারের উদ্যোগ

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের ইন্তেকাল

ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ১৫ দলের সংলাপ শুরু

গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে