দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সেবার মান আরো উন্নত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ তাগিদ দেন।
সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণটি গ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দেন।
মন্ত্রী রাষ্ট্রপতিকে জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে মানুষকে সচেতন করতে সরকার এই বছরব্যাপী কর্মসূচি হাতে নিচ্ছে। কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদাসংশ্লিষ্ট বিষয়গুলো বিগত সরকারের আমলে চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বাজেট বাড়ানো, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি আরো জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার কাজ করছে এবং হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।