ক্ষমচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট বা পাসপোর্টের আবেদন হয় না। বরং প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) মাধ্যমে তাদের হাতকড়া পরিয়ে কিংবা কঠোর নজরদারির (সারভিলেন্স) মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। শুক্রবার সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়াস্থ নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার বিচার ও অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার জায়গা—একটা ফাঁসির রায় হয়ে গেছে; আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায় তা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে; তার জায়গা ওখানেই হবে।
সারা দেশে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতার চেষ্টার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, জয় বাংলা স্লোগানই এখন পালিয়ে যাওয়ার স্লোগান হয়ে দাঁড়িয়েছে। এরা নিজেরাই আতঙ্কিত, দেখেন কীভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। এরা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর না হয় ধরা পড়বে। এদের জায়গা অন্য কোথাও হবে না, আইনের শাসন ব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।
আইন প্রয়োগ ও অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, এ দেশে যারা মানুষ হত্যা করে পালিয়ে গেছে এবং আমাদের শাসন ব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছিল, আইনের দীর্ঘ হাত সেই প্রতিটি অপরাধীকে ধরে ফেলবে। এদের আমরা অবশ্যই ধরব এবং আইনের আওতায় নিয়ে আসব।