প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। জীবনের শেষ অধ্যায়ে তাদের সম্মান, নিরাপত্তা, যত্ন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রবীণদের শ্রম, মেধা ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের অবহেলা না করে দীর্ঘ কর্মজীবনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। তাদের পরামর্শক, প্রশিক্ষক, মেন্টর ও স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করা যেতে পারে।
সভায় প্রবীণদের জন্য সর্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালু, হাসপাতাল, ব্যাংক, সরকারি অফিসসহ বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে অগ্রাধিকার সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে গণপরিবহনে ঘোষিত ভাড়া ছাড় কার্যকর ও সম্প্রসারণ, জাতীয় প্রবীণ নীতি-২০১৩ বাস্তবায়ন, প্রবীণ নির্যাতন, প্রতারণা ও সম্পত্তি নিয়ে হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়।
এ ছাড়া প্রবীণদের বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক মিলনকেন্দ্রে বিশেষ সুবিধা নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।
তারা বলেন, এবারের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। শুধু দীর্ঘ জীবন নয়, প্রবীণদের জন্য অর্থবহ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের প্রবীণ। তাই প্রবীণদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা কোনো একটি প্রজন্মের বিষয় নয়; এটি সরকার, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব।
সভায় প্রবীণদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়। বিশেষ করে বয়স্ক ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মেট্রোরেল ও ট্রেনে ভাড়া ছাড় এবং দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় তা ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষার উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. খবির উদ্দিন ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রবীণদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ, নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন বক্তব্য দেন।