হোম > জাতীয়

লন্ডনে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে জাস্টিস ফর জুলাই ইউকের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং মেজর আখতারুজ্জামানসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা করেছে জাস্টিস ফর জুলাই ইউকে।

সোমবার লন্ডনের আলতাব আলী পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাস্টিস ফর জুলাই ইউকের দাবির প্রতি সংহতি জানিয়ে অংশ নেয় ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকে।

সভায় বক্তারা বর্তমান বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জনগণের জানমালের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার সমুন্নত রাখা যেকোনো সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে কোনো নাগরিক যাতে হয়রানি, নির্যাতন বা অন্যায় গ্রেপ্তারের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বক্তারা বলেন, ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ এবং জনগণের মর্যাদা প্রতিষ্ঠা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান প্রত্যাশা। এসব প্রত্যাশা বাস্তবায়নে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি, আইনের শাসন এবং নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।

বক্তারা অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রবাসীদের হয়রানির বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের বিমানবন্দরে হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দেশে যাতায়াতের সময় প্রবাসীরা যাতে সম্মানজনক আচরণ ও প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভা থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই সঙ্গে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকের প্রতিনিধিরা বাংলাদেশের মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাস্টিস ফর জুলাই ইউকের সভাপতি সিরাতুল আম্বিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি আবু তালহা। এতে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ ও সাংবাদিক এনাম চৌধুরী প্রমুখ।

এএম

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

ঢাকাজুড়ে ছিনতাই ও ডাকাতি অনেক বেশি বেড়েছে: সাদিক কায়েম

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনার

দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নগরীতে বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম