বিএসএফ কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী মনু নদীর তেলি বিল,বাগজুর ও নিশ্চিন্তপুর এই তিনটি পয়েন্টের বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এতে কুলাউড়া সীমান্ত এলাকার মানুষের কৃষি, বাসস্থান ও জীবিকার ওপর প্রভাব পড়েছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া মনু নদীর বাঁধ সংস্কারের কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। ২০২২ সাল থেকে মনু নদীর দুই পারে কুলাউড়া টু মৌলভীবাজার পর্যন্ত ৮৬ কিলোমিটার বন্যা প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয়। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনের কাছে মাটি ফেলে শুরু করা হয় মনু নদীর বাঁধ নির্মাণকাজ। উক্ত এলাকার বাগজোড়, তেলি বিল ও নিশ্চিন্তপুর তিন পয়েন্টে বাঁধের নির্মাণকাজ শুরু হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি পুনরায় ক্ষতির হাত থেকে রক্ষার বিষয়টি মাথায় রেখে দ্রুতগতিতে কাজটি শুরু করে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড।
ভারতের ত্রিপুরার বিধানসভায় বিধানসভার সদস্য বিরোজিৎ সিনহা ২০২৫-এর জানুয়ারিতে সীমান্তে ভারত অংশে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর পর পরপরই বিএসএফ কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী তেলি বিল,বাগজুর ও নিশ্চিন্তপুর এই তিনটি পয়েন্টের বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
বাঁধ নির্মাণ কাজটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন মনু পাড়ের বাসিন্দারা। তাদের কৃষি, বাসস্থান নির্মাণ জীবিকার উপর প্রভাব পড়েছে। তাদের মনে আগাম বন্যার আশঙ্কা ও ভয় কাজ করছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার খালেদ বিন ওয়ালিদ বলেন, ভারত দাবি করছে তাদের সাথে আলাপ না করে কাজটি শুরু করেছে বাংলাদেশ। অথচ বাংলাদেশ যৌথ নদী কমিশন সদস্য ড. আবুল হোসেনের দেওয়া ২০২৩ সালের ১১ ডিসেম্বর ৪২.০৫.০০০০.০০০.০৬.০৮.১৬.১২৯৪ স্মারকের চিঠির মাধ্যমে এবং ভারতের যৌথ নদী কমিশনের মেম্বার অতুল জাইনের ২০২৪ সালের ১১ মার্চ Z-১৪০১১/১৮/২০২০/ O/০SJC-(FM)-Mowr/ ৩০৭০ স্মারকের চিঠির প্রেক্ষিতে তেলিবিল, বাগজোড় ও নিশ্চিন্তপুর তিনটি পয়েন্টের ১৪০০ মিটার কাজ পরিচালনা করা হচ্ছিল। ভারতের বাধার মুখে এই বৎসরের জানুয়ারি মাসের দিকে কাজটি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ভারত আমাদের এই তিনটি পয়েন্টের কাজ করতে হলে তাদের পাঁচটি পয়েন্টের কাজ করার অনুমতির শর্ত জুড়ে দিয়েছিল। আমরা তাদের পাঁচটি পয়েন্ট দেখার মতপ্রকাশ করলে ভারত এই বিষয়ে পদক্ষেপ নেয়নি। বর্তমানে কুলাউড়া সীমান্তের তিনটি পয়েন্টের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে ।
এমএস