দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৭৮৪ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নিবন্ধিত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৬০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮৪ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭০২ জন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬০ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৫২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ জনের। এদের মধ্যে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
এআরবি