বর্তমান সংসদকে মজলুমের সংসদ আখ্যায়িত করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা বিএনপি-জামায়াত জাতীয় সংসদে পিঁপড়ার বলের মত (দলাপাকিয়ে) থাকতে চাই। আমরা সবাই মিলে দেশটাকে নিয়ে বাঁচতে চাই । সেই দায়িত্ব নিয়ে এখানে বসেছি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ আর বক্তব্যে বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের ঐক্যের কথা তুলে ধরেন। ফ্যাসিস্ট সরকারের একত্রে পথচলার ঘটনার বর্ণনা দেন।
বিগত সরকারের আমলের সংসদের কার্যক্রমের কথা তুলে ধরে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, এই সংসদে বলা হতো জামায়াত–বিএনপি। এই কথা বলেই আমাদের আক্রমণ করা হতো। শুরুই হতো জামায়াত-বিএনপি। তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করল ৭১ এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এটা টেলিভিশনে রেডিওতে বলা হতো। ‘তুই রাজাকার’ ‘তুই রাজাকার’ এটা পত্রিকার একটা হেডলাইন ছিল। আমরা দীর্ঘদিন এরকম পরিস্থিতি মোকাবিলা করেছি। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি।
চিফ হুইপ বলেন, বিপদ থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি। যখন পানি আসে তখন পিঁপড়ারা একত্রিত হয়। একটা বল আকারে হয়, আপনারা দেখেছেন কিনা জানিনা। আমি দেখেছি, একটা বল হয়ে যায়। নিচে যে পিঁপড়াটা পড়ে সেটা আবার উপরে উঠে, উপরের পিঁপড়াটা নিচে যায়। এরকম তারা শ্বাস করতে করতে বেঁচে থাকে। একটা বলের মতন করে। তারা কেউই মারা যায় না। সবাই বেঁচে থাকে। আমি মনে করি আজকের জাতীয় সংসদ এইখানে দাঁড়িয়ে এই পিঁপড়ার বলের মতনই। আমরা কেউ মরতে চাই না। আমরা বাঁচতে চাই সবাই মিলে। আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে। দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়ে এখানে বসেছি।
এমএমআর