সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়। তিনি বলেছেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এগিয়ে এসে সমস্যার সমাধান করেছে। বর্তমান জাতীয় প্রেক্ষাপটে সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় এই ঐক্যের কোনো বিকল্প নেই।
বুধবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি কেক কেটে উদযাপিত হয়।
গৌতম মিত্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা শোবিজের স্বত্বাধিকারী স্বপন চৌধুরী, সমীর কুমার বসু, সমীর সরকার, অনিক সাহা তন্ময়, তনুব্রত দত্ত, বঙ্কিম চন্দ্র, বনিল রায়, সীমান্ত দাস, মনসুর আহমেদ খান ও খোকন প্রমুখ।
সভায় অপর্ণা রায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখার জন্য পূজা উদযাপন ফ্রন্টের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।