বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, উচ্চশিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে ইউজিসির ভাবমূর্তি, সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে বর্তমান কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত রূপান্তর আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে ইউজিসির সক্ষমতা, কার্যকারিতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এ লক্ষ্য অর্জনে কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “আমরা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও টেকসই রূপান্তর আনতে চাই। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে কাজ করতে হবে। ব্যক্তি পর্যায়ের দূরত্ব কমিয়ে একটি সহায়ক ও কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, ইউজিসি বর্তমানে দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে। এ বিশাল দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য কমিশনের প্রাতিষ্ঠানিক ও জনবলগত সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, প্রতিষ্ঠানের মর্যাদা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতকরণ, কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন এবং দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি মো. ওমর ফারুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান। এ সময় ইউজিসির বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ১৮ জুন অনুষ্ঠিত ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান সভাপতি এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।