বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, গত ২ জুন ২০২৬ মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তর-এ অনুষ্ঠিত ভোটে ড. খলিলুর রহমান ১৯০টি ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস-কে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করে এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালনের সুযোগ অর্জন করেন।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিসভা মনে করে, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তার প্রতিফলন। একই সঙ্গে এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
মন্ত্রিসভার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সর্বাত্মক প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
ড. খলিলুর রহমানের এই ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমুন্নত হওয়ায় মন্ত্রিসভা তাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।
এআরবি