হোম > জাতীয়

বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস

রোকনুজ্জামান রিপন, বেনাপোল (যশোর)

টানা তিন অর্থবছর ধরে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নিম্নমুখী প্রবণতা চলছে। এর মধ্যে সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ ৫৩.১১ শতাংশ ও আর্থিক মূল্য ৬৯.৩ শতাংশ কমেছে। একই সময়ে আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ এবং সাফটা সুবিধায় শুল্কমুক্ত ও স্বল্পশুল্কের পণ্য আমদানি বাড়ায় রাজস্ব আদায়েও চাপ তৈরি হয়েছে। এলসি জটিলতা, জ্বালানি সংকট, শিল্পের উৎপাদনে ধীরগতি ও বন্দর-অবকাঠামোর সীমাবদ্ধতায় বেনাপোলের বাণিজ্য এখন বড় চ্যালেঞ্জের মুখে।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য রপ্তানি হয়েছে, যার মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটা সুবিধায় আমদানি বাড়ায় গড় শুল্কহার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি চালানের প্রায় ৩৫ শতাংশই এসেছে সাফটা সুবিধায়, যা আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ। শুল্কমুক্ত ও কম শুল্কের পণ্যের আধিক্যে রাজস্ব আদায়ে চাপ সৃষ্টি হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, বাণিজ্য কমলে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ে প্রভাব পড়ে। এ নিয়ে নিয়মিত এনবিআরে প্রতিবেদন দেওয়া হয়। সামগ্রিক চাপে থাকলেও চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য আমদানি কম হলেও রাজস্ব আদায় বেড়েছে। তবে তুলাসহ অনেক পণ্য শুল্কমুক্ত বা সাফটা সুবিধায় আসায় গড় শুল্ক কম আদায় হচ্ছে।

কাস্টমসের তথ্যমতে, বেনাপোল দিয়ে ভারত থেকে প্রায় ৩,৬০০ ধরনের পণ্য আসে, যার বড় অংশ শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য। ২০২৫-২৬ অর্থবছরে আমদানির শীর্ষে ছিল স্পঞ্জ আয়রন ও তুলা। এছাড়া ফলমূল, চাল, ফেরো-সিলিকো-ম্যাঙ্গানিজ, গ্রানাইট ও স্টিল উল্লেখযোগ্য পরিমাণে আমদানি হয়েছে। বিপরীতে রপ্তানি পণ্যের চিত্রেও বদল এসেছে। আগের অর্থবছরে কাঁচা পাট ও তৈরি পোশাক শীর্ষে থাকলেও ২০২৫-২৬ অর্থবছরে সেগুলোর রপ্তানি কমে হাইড্রোজেন পার-অক্সাইড, সুপারি, মাছ, সুতি ও ঝুটজাতীয় পণ্য এগিয়ে এসেছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বৈশ্বিক অনিশ্চয়তা, নতুন করে গ্যাস-বিদ্যুতের সংকট এবং অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাঁচামালের আমদানি কমছে। অন্তর্বর্তী সরকারের দুই বছরে পরিস্থিতি আরো করুণ ছিল। এখন কিছুটা উত্তরণের চেষ্টা চলছে। তবে সামগ্রিক অর্থনীতি স্বাভাবিক না হলে বাণিজ্যে গতি ফিরবে না।

ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল বন্দরের অবকাঠামো ও ধারণক্ষমতার সীমাবদ্ধতা দীর্ঘদিনের। পাশাপাশি ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা এবং ব্যাংকগুলোতে এলসি খোলার কড়াকড়ি বাণিজ্যে বাধা তৈরি করছে।

সংশ্লিষ্টদের মতে, বন্দরের সক্ষমতা বাড়ানো, খালাস প্রক্রিয়া দ্রুত করা, এলসি জটিলতা কাটানো, রপ্তানিতে নীতিগত সহায়তা ও নতুন বাজার খুঁজতে পারলে এবং দুই দেশের সমন্বিত উদ্যোগ থাকলে বেনাপোল বন্দরের বাণিজ্যিক গতি পুনরুদ্ধার সম্ভব।

মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ

বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও

নাশকতার অভিযোগে পল্লবীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে এক হাজার এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন টুকু

নতুন টেন্ডারে যাচ্ছে রেলের টিকিটিং, চালু হচ্ছে লোকাল-কমিউটার ট্রেন

মেট্রোরেল ব্যবস্থাপনায় পরিবর্তনের আভাস, নতুন প্রকল্প আসছে

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পরিকল্পনা সরকারের: নৌপরিবহনমন্ত্রী