হোম > জাতীয়

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে দলগুলো একমত হয়েছে। আমরা এটিকে বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছি।

তিনি বলেন, এর আগে ১১, ১৪ ও ১৭ সেপ্টেম্বর তিনটি বৈঠকের পর দলগুলোর পারস্পরিক আলাপ-আলোচনার জন্য কিছু সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষে রোববারের বৈঠকে এসে গণভোট ও সাংবিধানিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরি হয়েছে।

আলী রীয়াজ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হবে, সেটিকে এমন বৈশিষ্ট্য দিতে হবে যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সহজে সম্পন্ন করা যায়। এই বিষয়েও কার্যত দলগুলো একমত। পূর্বে দলগুলোর একাংশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বললেও বর্তমানে অধিকাংশ দলই মনে করছে, এর আর প্রয়োজন নাও হতে পারে।

রাজনৈতিক দলগুলোর ‘সহনশীলতা’ ও ‘অবস্থান পরিবর্তনের সাহসিকতা’র জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রেখেছেন। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি। আশা করি, একটি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিতে পারবো। প্রধান উপদেষ্টাকে বলেছি, আমরা ১৫ অক্টোবরের মধ্যে একটি মিমাংসায় আসতে পারবো।

আগামী বুধবার (৮ অক্টোবর) বিকালে আবারও দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করা হবে জানিয়ে আলী রীয়াজ বলেন, আইনি ও সাংবিধানিক কাঠামো স্পষ্ট করার জন্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার অগ্রগতির বিষয়ে গতকাল সকালে প্রধান উপদেষ্টা ইউনুসকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দ্রুততার সঙ্গে সুপারিশ চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন।

আলোচনায় যুক্ত ৩০টি দলের সনদে স্বাক্ষরের জন্য প্রতিনিধিদের নাম পাঠানোর বিষয়ে তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে তিন চতুর্থাংশ দলের কাছে নাম প্রস্তাব করা হয়েছে। অনেকে নাম দিয়েছেন, অনেকে এখনও দেননি। দ্রুত নাম দিতে তিনি দলগুলোকে অনুরোধ করেন।

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার