নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন বেতনকাঠামো কার্যকরের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও (বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ) জারি করা হবে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন জারির পর এসব কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে অর্থ বিভাগের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়ায় ভেটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর পৃথক সাতটি এসআরও জারির মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর ক্ষেত্রে নতুন বেতন কাঠামোর বিস্তারিত প্রয়োগবিধি নির্ধারণ করা হবে।
সরকারের এ উদ্যোগের ফলে একটি সাধারণ প্রজ্ঞাপনের মাধ্যমে মূল বেতন কাঠামো কার্যকর হলেও বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে বেতন-ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা পৃথক বিধানের মাধ্যমে কার্যকর হবে। এসব পৃথক আদেশের আওতায় থাকবে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রজ্ঞাপন জারির পরই বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো প্রয়োগে কারিগরি ও প্রশাসনিক পার্থক্য রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, সাতটি পৃথক এসআরওর মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর জন্য নতুন বেতন কাঠামো কীভাবে প্রয়োগ হবে, তা নির্ধারণ করা হবে। পাশাপাশি আইবাস প্লাস প্লাসে তথ্য হালনাগাদ এবং নতুন বেতন নির্ধারণের কারিগরি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সাত শ্রেণির জন্য আলাদা আদেশ
নতুন পে স্কেল কার্যকরের জন্য যে সাতটি এসআরও জারি করা হবে, তার প্রথমটি বেসামরিক প্রশাসনের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য। দ্বিতীয়টি পুলিশ বিভাগের সদস্যদের বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণে প্রযোজ্য হবে। তৃতীয় এসআরও হবে বিজিবির কর্মকর্তা-কর্মচারীদের জন্য।
চতুর্থ এসআরওর আওতায় থাকবেন সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পঞ্চমটি হবে সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। ষষ্ঠ এসআরও হবে সশস্ত্র বাহিনীর জন্য। সেনা, নৌ ও বিমান বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌথবাহিনী নির্দেশনা ও বেতন কাঠামোর আলোকে এটি কার্যকর করা হবে। সপ্তম এসআরও হবে বিচার বিভাগ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও বিচারকদের জন্য।
আইবাসে হবে নতুন বেতন নির্ধারণ
নবম পে স্কেল বাস্তবায়নে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি আসছে বেতন নির্ধারণের ডিজিটাল ব্যবস্থায়। অর্থ বিভাগ সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত তথ্য আইবাস++ এর আওতায় আরো পূর্ণাঙ্গভাবে আনার উদ্যোগ নিয়েছে।
এ ব্যবস্থায় প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে আইবাস++ এ প্রবেশ করে চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর মধ্যে পদ, গ্রেড, বর্তমান মূল বেতন, চাকরিতে যোগদানের তথ্য, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, উচ্চতর গ্রেডসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। তথ্য পূরণ ও যাচাই শেষে নতুন পে স্কেলের কাঠামো অনুযায়ী মূল বেতন ও প্রযোজ্য আর্থিক সুবিধা নির্ধারণ করা হবে।
বর্তমানে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, বেতন, পেনশন, বাজেট ও হিসাব ব্যবস্থাপনায় আইবাস প্লাস প্লাস ব্যবহৃত হচ্ছে। অনলাইন বেতন ব্যবস্থার মাধ্যমে বেতন বিল, জিপিএফ, ঋণ ও আয়করসংক্রান্ত হিসাব তৈরি এবং ইএফটির মাধ্যমে বেতন-পেনশন পরিশোধের সুবিধা রয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে এ ব্যবস্থার আওতা আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন কাঠামোয় গ্রেড, মূল বেতন, ভাতা, পদোন্নতি, ইনক্রিমেন্ট ও বিভিন্ন শ্রেণির কর্মচারীর জন্য আলাদা বিধান থাকায় বিদ্যমান সফটওয়্যারকে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এজন্য প্রজ্ঞাপন জারির আগেই প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।