লেবাননের রাজধানী বৈরুতে ইজরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী আক্তারের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “কোনো কিছু দিয়েই দিপালীকে ফিরিয়ে আনা সম্ভব নয়, সেটা আমরা বুঝি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শুরু থেকেই বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাই আমাদের এক নম্বর অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “আমরা দিপালী আক্তারের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আরও যা কিছু করার প্রয়োজন, আমরা তা করতে সচেষ্ট আছি। আমরা সবসময় দিপালী আক্তারের পরিবারের পাশে থাকব।”
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “আজ দিপালী আক্তারের লাশ আসার মাধ্যমে মোট ছয়জনকে দেশে আনা হয়েছে। সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তার লাশ আনার মতো অবস্থা ছিল না। এছাড়া ইরাকে নিহত একজনের লাশ এখনো আনা সম্ভব হয়নি, কারণ সেখানে সরাসরি ফ্লাইট চালু নেই।”
লাশ দেশে আনতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে শামা ওবায়েদ বলেন, যুদ্ধাবস্থার কারণে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে লাশ ফিরিয়ে আনতে সময় লাগছে।
তিনি বলেন, “প্রথমত যুদ্ধ তখনো চলমান ছিল। একটি লাশ দেশে ফিরিয়ে আনতে বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। বিভিন্ন দেশের সরকার, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। পাশাপাশি ফ্লাইট চলাচল স্বাভাবিক না থাকায় জটিলতা তৈরি হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সবাইকে দেশে ফিরিয়ে আনতে।”
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। প্রাথমিক তথ্যে জানা যায়, ওই হামলায় তার নিয়োগকর্তা ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কফিল পরিবারের এক প্রতিবেশীর মাধ্যমে তারা এ তথ্য নিশ্চিত হয়েছে।