হোম > জাতীয়

ঈদযাত্রা সামনে রেখে নতুন রঙে নামানো হচ্ছে পুরোনো লক্কড়ঝক্কড় লঞ্চ

রাকিব হোসেন, ঢাকা দক্ষিণ

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে যাওয়া বিপুলসংখ্যক ঘরমুখো মানুষের যাতায়াতে স্থলপথের মতো নদীপথেও চাপ দেখা যায়। নদীপথে যাত্রীদের এই চাপ সামলাতে লঞ্চ মালিকরা পুরোনো ও ফিটনেসবিহীন অনেক লঞ্চ নামমাত্র মেরামত করে ঘাটে নামান। ঈদকে সামনে রেখে পুরোনো ও ফিটনেসবিহীন অনেক লঞ্চ নামমাত্র মেরামতের পর রঙ ও সাজসজ্জা করে নতুন রূপ দেন।

ঈদের আগে এসব পুরোনো লঞ্চ মেরামত ও রঙ করতে ব্যস্ত সময় পার করেন কেরানীগঞ্জের ডকইয়ার্ডের শ্রমিকরা। অন্যান্য বছরের মতো এ বছরও ডকইয়ার্ডজুড়ে চলছে পুরোনো ও লক্কড়ঝক্কড় লঞ্চ মেরামত ও সাজসজ্জার কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা চর কালীগঞ্জ থেকে কোন্ডা ইউনিয়ন পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০টি ডকইয়ার্ড রয়েছে। ডকইয়ার্ডে ঢুকতেই শোনা যায় টুংটাং শব্দ। সেখানে যাত্রীবাহী ও বড় কার্গো লঞ্চের মেরামত চলছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ ওয়েল্ডিং করছেন, কেউ আবার রঙ করছেন।

বুড়িগঙ্গার তীরে কেরানীগঞ্জ এলাকায় অন্তত ১০টি ডকইয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে। কেরানীগঞ্জের তেলঘাট থেকে মীরেরবাদ পর্যন্ত প্রায় সাতটি ডকইয়ার্ডে পুরোনো লঞ্চে রঙ করা ও মেরামতের কাজ চলছে।

ফিটনেসবিহীন অনেক লঞ্চকে রঙ করে নতুনের মতো দেখানো হচ্ছে। পাশাপাশি ভেঙে যাওয়া বিভিন্ন অংশ জোড়া দেওয়া হচ্ছে। কোথাও কোথাও লোহার পাত বসিয়ে কাঠামো মেরামত করা হচ্ছে। আবার কিছু লঞ্চে নতুন ডিজাইনের কাজও করা হচ্ছে। কেরানীগঞ্জের তেলঘাট ও কেরোসিনপট্টি এলাকার ইয়ার্ডে বেশ কয়েকটি লঞ্চের নিচের অংশও মেরামত করতে দেখা গেছে।

খেজুরবাগ থেকে পারগেন্ডারিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে সারি সারি লঞ্চ নোঙর করে রাখা হয়েছে। শ্রমিকরা কেউ লঞ্চের গায়ে রঙ করছেন, কেউ মরিচা ধরা লোহার অংশ ঘষে পরিষ্কার করছেন। কোথাও কাঠের অংশ বদলানো হচ্ছে, আবার কোথাও যান্ত্রিক ত্রুটি সারানো হচ্ছে।

ডকইয়ার্ডের শ্রমিক রবিউল জানান, ঈদের আগে হঠাৎ করেই কাজের চাপ বেড়ে যায়। বছরের অন্যান্য সময় যেসব লঞ্চ খুব একটা মেরামত করা হয় না, ঈদ ঘনিয়ে এলে সেগুলোও দ্রুত রঙ ও সামান্য মেরামত করে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ডকইয়ার্ডের আরেক শ্রমিক বলেন, ঈদ ঘনিয়ে এলেই আমাদের কাজ বেড়ে যায়। অনেক পুরোনো লঞ্চ তখন ডকে আসে। দ্রুত রঙ করে চালানোর মতো করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, ঈদের আগে ফিটনেস লাইসেন্স নিতে হয়। এজন্য অনেক ত্রুটিপূর্ণ লঞ্চ নামমাত্র সংস্কার করা হয়। কেরানীগঞ্জের চর কালীগঞ্জ, তেলঘাট, খেজুরবাগ ও হাসনাবাদ এলাকার ডকইয়ার্ডে অন্তত ৫০টি লঞ্চ মেরামত ও রঙ করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন লঞ্চের সংখ্যা আরো বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, সপ্তাহখানেক ধরে লঞ্চ মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। অনেক বড় ত্রুটিও রঙের আড়ালে ঢেকে দেওয়া হচ্ছে।

একজন ডকইয়ার্ড মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুরোনো ও ফিটনেসবিহীন অনেক লঞ্চ যেসব ব্লকে মেরামত করা হচ্ছে, তার বেশির ভাগই অবৈধভাবে গড়ে ওঠা ইয়ার্ড। অভিযোগ দেওয়ার পরও অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ফলে বৈধ ডকইয়ার্ড মালিকদেরও এসব অনিয়মের দায় নিতে হয়।

ভোলাগামী লঞ্চযাত্রী জাকির হোসেন বলেন, ঈদযাত্রায় প্রায় প্রতি বছরই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যেতে হয়। তিনি বলেন, শুধু বাহ্যিক রঙ নয়, যাত্রী নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। অনেক সময় পুরোনো লঞ্চগুলো শুধু রঙ করে নতুনের মতো দেখানো হলেও ভেতরের যান্ত্রিক অবস্থা পুরোপুরি পরীক্ষা করা হয় না।

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও নিয়মিত পরিদর্শনের দাবি জানান যাত্রী ও সচেতন মহল।

অভিযোগের বিষয়ে প্রিন্স অব আওলাদ লঞ্চের পরিচালক মো. যুবরাজ বলেন, ঈদ উপলক্ষে প্রতি বছরই লঞ্চের মেরামত ও রঙ করা হয়। ডিজি শিপিং থেকে যেসব জাহাজ চলাচলের অনুমতি পায়, সেগুলোই চলাচল করে। লঞ্চের ফিটনেস আছে কি না—তা দেখার দায়িত্ব ডিজি শিপিংয়ের।

এ বিষয়ে ঢাকার নদীবন্দরের পোর্ট অফিসার ও যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, ঈদকে সামনে রেখে লঞ্চ মালিকরা যাত্রী আকর্ষণের জন্য লঞ্চে নতুন রঙ ও মেরামতের কাজ করে থাকেন।

তিনি বলেন, কোনো ফিটনেসবিহীন জাহাজ বা লঞ্চ সদরঘাট কিংবা দেশের অন্য কোনো নদীবন্দরে চলাচলের অনুমতি নেই। ডিজি শিপিং লঞ্চের ফিটনেস সনদ দেয় এবং এরপর বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা শাখা চলাচলের সময়সূচি নির্ধারণ করে। সেই সময়সূচি অনুযায়ী লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে

কর্মপরিকল্পনা জমা দিতে পারেনি সব মন্ত্রণালয়

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ