হোম > জাতীয়

দেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে আইএলও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। জেনেভায় অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে সংস্থাটির মহাপরিচালক গিলবার্ট হোংবো এ আশ্বাস দেন ।

৩৫৬তম আইএলও গভর্নিং বডির অধিবেশনে অংশ নিতে জেনেভা সফররত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠককালে তিনি বাংলাদেশের অগ্রাধিকারমূলক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রম সচিব আবদুর রহমান তরফদার।

গিলবার্ট হোংবো বলেন, বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন সরকারের সঙ্গে কাজ করতে আইএলও আগ্রহী। সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় বর্তমান সরকারকেও অভিনন্দন জানান তিনি।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী হোংবোকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে আইএলও, বিশেষ করে তাদের ঢাকা কার্যালয়ের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

মন্ত্রী আরো জানান, বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল ২৬ সংক্রান্ত বিষয়টির সমাধানে আইএলও মহাপরিচালকের সহযোগিতা প্রয়োজন। এ প্রসঙ্গে গিলবার্ট হোংবো বাংলাদেশের স্থায়ী মিশনের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে বলেন, বিভিন্ন সদস্য দেশের সঙ্গে সক্রিয় যোগাযোগ ও নেতৃত্বের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছে। শ্রমক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

বৈঠকে শ্রমমন্ত্রী আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বহুজাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ব্র্যান্ড ও বিপণন সংস্থাগুলোর সম্পৃক্ততা আরো বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পমূল্যের চিকিৎসা, দুর্ঘটনা বীমা প্রভৃতি সামাজিক সুরক্ষা কার্যক্রমে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনায় মাহদী আমিন বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রমমন্ত্রী আগামী জুনে আইএলও মহাপরিচালকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে স্বাগত জানান। বৈঠকে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সামাদ আজাদও উপস্থিত ছিলেন।

আশিক

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, কার বেতন কত হবে

সকালে ৬ হাজার, বিকালেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে জামায়াত এমপির প্রশ্ন

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার ব্যক্তিদের ফেরাতে ‘আরডিএমএস’ চালু