অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘স্থলবাহিনী প্রধানদের আলোচনা সভা এবং প্রতিরক্ষা আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬’-এ অংশগ্রহণ করেন।
এ সময় সেনাপ্রধান মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘মার্কিন সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন ও প্রদর্শনী’তে অংশ নেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ ছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেনাবাহিনীর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।