হোম > জাতীয়

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সংস্কার, অর্থনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ

আইসিজির প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বলেছে, বাংলাদেশের নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের শুরুতেই অর্থনীতি পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংগঠনটি মনে করে, বিএনপির উচিত শুরুতেই পাওয়া জনসমর্থনকে কাজে লাগিয়ে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বিরোধী দলগুলোর সঙ্গে সংঘাত এড়িয়ে চলা।

বৃহস্পতিবার প্রকাশিত ‘বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের পর নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর একটি বড় অগ্রগতি হলেও নতুন সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।

আইসিজি বলছে, আগামী দিনে বিএনপিকে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে—অর্থনীতি পুনরুজ্জীবিত করা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, রাজনৈতিক সংস্কার এগিয়ে নেওয়া এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা অত্যন্ত বেশি। এসব প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে এবং দেশ আবার সংকটে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, আগামী মাসগুলোতে রাজনৈতিক সংস্কার সবচেয়ে বিতর্কিত ইস্যুতে পরিণত হতে পারে। বিএনপি ‘জুলাই সনদ’-এর বেশ কিছু সংস্কার সমর্থন করলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে তাদের আপত্তি রয়েছে।

আইসিজির মতে, এসব সংস্কার উপেক্ষা করা হলে বিরোধী দলগুলো—বিশেষ করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি—সরকারের বিরুদ্ধে সংসদ ও রাজপথে আন্দোলন জোরদার করতে পারে। এতে রাজনৈতিক অস্থিরতা বাড়ার ঝুঁকি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ নতুন সরকারের জন্য সবচেয়ে জটিল রাজনৈতিক বিষয়গুলোর একটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের শীর্ষ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

আইসিজি মনে করে, আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে বাদ দেওয়া দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে, কারণ তাদের একটি বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। তবে দলটির বর্তমান নেতৃত্ব শেখ হাসিনার হাতে থাকায় পুনর্বাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে।

সংস্থাটি আরও উল্লেখ করে, শেখ হাসিনার প্রতি জনগণের তীব্র ক্ষোভ এবং তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন, যেমন পরিবারের অন্য সদস্যের হাতে নেতৃত্ব গেলে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আইসিজি প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের ওপর দিল্লির প্রভাব রয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই দিল্লির উচিত তার প্রভাব ব্যবহার করে নিশ্চিত করা, যাতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য না দেন যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে।

বিনিময়ে, ভারতে অবস্থানরত নেতাদের বসবাসের সুযোগ অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

আইসিজি বিএনপি সরকারকে আহ্বান জানিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনর্বিবেচনা করতে। অনেক ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে দীর্ঘদিন আটক রাখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংস্থাটি বলেছে, পর্যাপ্ত প্রমাণ ছাড়া মামলা প্রত্যাহার এবং যেসব ব্যক্তি জননিরাপত্তার জন্য হুমকি নন, তাদের জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। একই সঙ্গে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনের শেষাংশে বলা হয়, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে স্থিতিশীল করা। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

আইসিজি সতর্ক করেছে, যদি সরকার অর্থনৈতিক উন্নয়ন ও স্বচ্ছ শাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতার মুখে পড়তে পারে।

এসআর

‘জুলাই না হলে মন্ত্রী হতে পারতাম না’; এমপিদের বেতন প্রদানের দাবিতে নুরের সংহতি

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের লাগাতার কর্মসূচি ঘোষণা

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

রানা প্লাজা ট্র্যাজেডি: বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সংসদীয় শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ইশরাক, সম্পাদক মন্টি