মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১৭দিনে সর্বমোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সোমবার বাতিল হয়েছে ২৮ টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১৭ দিনে ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ,৮মার্চ ২৮টি, ৯মার্চ ৩৩টি, ১০মার্চ ৩২টি, ১১মার্চ ২৭টি , ১২ মার্চ ২৮টি , ১৩মার্চ ২৫টি , ১৪মার্চ ২৬টি , ১৫মার্চ ২৩টি এবং ১৬মার্চ ২৮টি ফ্লাইট।
সোমবার ২৬টি বাতিলকৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৮টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই ) ২টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ৪টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি ।
সূত্র জানায়, টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হবে।