গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।
অধিদপ্তরের তথ্যমতে, উল্লেখিত একই সময়ে সারা দেশে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের সংক্রমণে অন্তত ৬৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩৫০ জন শিশুর। সব মিলিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫-তে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৬ হাজার ৯৩৭ জন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিন অনুযায়ী, দেশব্যাপী এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন রোগী।