সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে। এ ধরনের অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।
মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রতিদিনই নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। সরকার আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে ৬১ জন কর্মকর্তা ও কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আইসিটি বিভাগের গত দেড় দশকের বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এর সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন কনসালটেন্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন কনসালটেন্ট স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এ ছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা-কনসালটেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও গ্রাহক সচেতনতা জোরদার
বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা চুরি প্রতিরোধে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক ও ভুয়া ওয়েবসাইট বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কোনো সিম নিবন্ধন না করার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে। গ্রাহকের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এসএমএস, ভয়েস মেসেজ এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত গ্রাহক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট এবং প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত নম্বর বন্ধে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এ সময় সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সংসদ সদস্য সানজিদা ইসলাম এক সম্পূরক প্রশ্নে ইতোমধ্যে ব্যবহৃত সিমের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত নম্বর বন্ধে সরকারের উদ্যোগ জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, ভুয়া সিম বন্ধে সরকার কাজ করছে। এ ধরনের সিমের তথ্য পাওয়া মাত্রই বিটিআরসিকে জানানো হয় এবং সে অনুযায়ী সেগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে কারও কাছে কোনো ভুয়া সিমের তথ্য থাকলে তা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।