রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার এক যৌথ বিবৃতিতে ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, সংবাদমাধ্যমের ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ এবং এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও স্থানীয় দোকানি রিনা খানম আহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সহিংসতা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও গভীর উদ্বেগ তৈরি করে।
ইউটিএল নেতারা বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদ নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর মতপার্থক্য থাকলে যুক্তি, তথ্য ও দায়িত্বশীল আলোচনার মাধ্যমে তার জবাব দিতে হবে। সহিংসতা কিংবা ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমকে চাপে রাখার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী। সংবাদপত্রের ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরো বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষা করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। গণমাধ্যমের নিরাপত্তা বিঘ্নিত হলে শুধু সাংবাদিক ও সংবাদকর্মীরাই নন, দেশের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হন। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিবৃতিতে ইউটিএল নেতারা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এ ছাড়া দৈনিক আমার দেশ-এর ছাপাখানাসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক ও সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। বিবৃতিতে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে গণমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিবৃতিটি পাঠিয়েছেন ইউটিএলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
এআরবি