হোম > জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আমার দেশ অনলাইন

দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দেশের তরুণ সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে কেবল নিজেদের দক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণদের সোচ্চার হতে হবে।’

কেবল জিপিএ-৫ অর্জনের সংকীর্ণ প্রতিযোগিতায় আটকে না থেকে সৃজনশীলতা, ইতিবাচক চিন্তা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও বিশ্বমানের বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দিতে হবে তরুণ প্রজন্মকেই।

দেশের ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামে তরুণদের নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সামাজিক মর্যাদা, সমতা ও ইনসাফ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই তরুণেরা বারবার রাজপথে নেমেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের বড় অংশই ছিলেন তরুণ। সেই আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব এখন তরুণদের কাঁধেই।

উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়ালেখা শেষে দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার হাল ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের অগ্রগতিতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক সহনশীলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। শুধু নিজের মত চাপিয়ে না দিয়ে অন্যের যুক্তি শোনার মানসিকতা তৈরি করাই যোগ্য নেতৃত্বের মূল লক্ষণ। তরুণদের সংসদীয় চর্চা ও নীতি-নির্ধারণী বিতর্ক সম্পর্কে বাস্তব ধারণা পেতে জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণেরও পরামর্শ দেন তিনি।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই ছায়া জাতিসংঘ সম্মেলনে দেশের ৬৪টি জেলার দুই শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

সুন্দরবনে ৭৪ কিলোমিটার এলাকাজুড়ে নাইলনের বেড়া

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তবর্তীসহ ৩৫ জেলায় বিজিবি মোতায়েন

মাদক কারবারি ধরতে ভারতে গিয়ে আটক দুই পুলিশকে ফেরত আনল বিজিবি

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ