বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা ও বিচারপ্রক্রিয়া হয়েছে, তা ছিল ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং এর কারণে তাকে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি তার থাকতে পারে। তবে এখনো কোনো মামলা করেননি; আইনজীবীদের সঙ্গে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।
যে মামলায় দণ্ডিত হয়েছিলেন টিউলিপ
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে তিনি খালাকে প্রভাবিত করেছিলেন—এমন অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তার অনুপস্থিতিতেই আরো ১৬ জনের সঙ্গে এ মামলার বিচার হয়।
টিউলিপ অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি লন্ডনে অবস্থান করলেও মামলার অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে বারবার চেষ্টা করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দেয়নি বাংলাদেশ সরকার। এ কারণে নিজের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা-ও তিনি জানতে পারেননি বলে দাবি করেন।
দ্য গার্ডিয়ানকে টিউলিপ বলেন, মামলার রায় সম্পর্কে তিনি জানতে পারেন সংবাদমাধ্যমের একটি সংবাদ সতর্কবার্তা দেখে। তার ভাষায়, পুরো অভিজ্ঞতাটি ছিল ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ মতো। অভিযোগ ও বিচারপ্রক্রিয়ায় তিনি আতঙ্কিত হওয়ার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন বলেও জানান।
ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন টিউলিপ
প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন টিউলিপ। এ জন্য তাকে হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন। তবে ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি বলে দাবি করেন তিনি।
টিউলিপের বক্তব্য জানতে ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মন্ত্রিত্ব ছাড়ার পেছনে ছিল বিতর্ক
বাংলাদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যে বিতর্ক তৈরি হওয়ার পর গত বছরের জানুয়ারিতে দেশটির সরকারের মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। এমনকি নিরাপত্তা হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্র সফরের সময়ও স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন।
তবে তাকে নিয়ে বারবার প্রশ্ন ওঠায় একপর্যায়ে তিনি মনে করেন, তার অবস্থান সরকারের কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই পদত্যাগের সিদ্ধান্ত নেন। টিউলিপ বলেন, স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক উদ্যোগে তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই তার জন্য বাধা হয়ে দাঁড়াতে হয়েছে বলে মনে হয়েছিল।
সাক্ষাৎকারে স্টারমারের রাজনৈতিক বিদায়কে ‘বেদনাদায়ক’ বললেও তার উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করেন টিউলিপ। তার ভাষ্য, শেষ পর্যন্ত তার চাওয়া একটি সফল লেবার সরকার।
এদিকে টিউলিপ সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ নভেম্বর দুদক জানায়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এ আবেদন করা হয়েছে। তবে রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়; এটি সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও সাময়িকভাবে আটক করার বিষয়ে সদস্য দেশগুলোর কাছে ইন্টারপোলের অনুরোধ।