হোম > জাতীয়

বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ

রংপুর অফিস

বাংলাদেশি নাগরিক ভেবে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ভারতের দুই নাগরিককে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া ভারতের আসাম রাজ্যের ওই দুই নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—আব্দুল আলিম ও ইসমাইল হাসান। বর্তমানে তারা পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সীমান্তসংলগ্ন এলাকায় নদীতে আহত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন মাঝি। পরে তারা দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ তাদের হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোমবার দুপুরে সরেজমিনে হাসপাতালে গেলে হাসপাতালের একটি সূত্র জানায়, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রথমে হাসপাতালের মেঝেতে অবস্থান করলেও পরে পুলিশি নিরাপত্তায় তাদের বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতাল এলাকায় তাদের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আহত দুই ব্যক্তি নিজেদের ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, গত ৪ অক্টোবর সীমান্তবর্তী এলাকায় নিজেদের গরুকে নদীতে গোসল করাচ্ছিলেন তারা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে নিয়ে যান। তাদের অভিযোগ, নিজের পরিচয় দেওয়ার পরও তাদের মারধর করা হয় এবং বাংলাদেশে চলে যেতে বলা হয়, অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নিজেদের পরিচয় বারবার দেওয়ার পরও তাদের কথা শোনা হয়নি বলে দাবি করেন তারা। একপর্যায়ে মৃত ভেবে তাদের বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রেখে যাওয়া হয় বলেও অভিযোগ করেন আহত ব্যক্তিরা।

পরে প্রাণ বাঁচাতে তারা নদী পেরিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রবেশ করেন বলে জানান। সেখানে স্থানীয় কয়েকজন জেলে তাদের আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করেন।

আব্দুল আলিম ও ইসমাইল হাসান বলেন, তারা ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা। তারা কোনো অপরাধ করে থাকলে ভারতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে তাদের দাবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেন পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।

তারা আরও বলেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। আহত দুই ভারতীয় নাগরিকের পরিচয়, তারা কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত কারণ—এসব বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখভাল করছে।

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিষয়টি তারা অন্য মাধ্যমে জানতে পেরেছেন। তারা সুস্থ হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের রয়েছে নিশ্চয়তা ও সম্ভাবনা: মাহ্দী আমিন

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

শুধু কর্মসংস্থান নয়, শিক্ষার মূল উদ্দেশ্য নৈতিকতা ও চরিত্র গঠন: প্রধানমন্ত্রী

দল-অঙ্গসংগঠন নিয়ন্ত্রণ করতে বিএনপি-জামায়াতের প্রতি টিআইবির আহ্বান

নদী রক্ষা ও ভাঙন ঠেকাতে এডিবির সহযোগিতা চান মন্ত্রী

‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’

নারী উদ্যোক্তাদের ঋণ-সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে লাইভ সিসিটিভি চেয়ে লিগ্যাল নোটিস