হোম > জাতীয়

আট দিন সাগরে ভাসিয়ে ৬৫ যাত্রীকে রেখে পালাল পাচারকারী চক্র

সমুদ্রপথে মালয়েশিয়া

আনছার হোসেন, কক্সবাজার

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ট্রলারে ওঠার পর টানা আট দিন সাগরে ভেসেছেন ৭২ নারী, পুরুষ ও শিশু। পথিমধ্যে ট্রলারের মাঝিমাল্লা ও মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরোধ দেখা দিলে এসব যাত্রীকে গত শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রলারটি ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। ভুক্তভোগীদের দাবি, পাচারকারীরা সাতজনকে সাগরে ফেলে দিয়েছেন। বাকি ৬৫ জন উপকূলে উঠতে পেরেছেন।

এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক শিশু, দুই নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। তবে ট্রলারে থাকা অন্য যাত্রীদের অনেকেই বিভিন্ন দিকে পালিয়ে গেছেন বলে দাবি করছেন উদ্ধার হওয়া লোকজন।

ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা

হলেও মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে তীরে ভিড়িয়ে তারা পালিয়ে যান।

সংশ্লিষ্টদের মতে, গত ১২ নভেম্বর টেকনাফ সদরের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭২ যাত্রীকে ওই ট্রলারে রাখা হয়েছিল। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল।

উদ্ধার হওয়া টেকনাফের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথাকাটাকাটি শুরু হয়।

তিনি জানান, বিরোধের জেরে একপর্যায়ে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে নিয়ে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ট্রলার থেকে নেমে পালিয়ে যান। ওই সময় ট্রলারে থাকা পাচারকারী চক্রের দুজনকে আটকে রাখা হয়েছিল।

ইলিয়াসের ভাষ্যমতে, ট্রলারে শিশুসহ মোট ৭২ জন নারী-পুরুষ ছিলেন। তাদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। বাকিরা বিভিন্ন দিকে চলে গেছেন।

সাতজনকে ফেলে দেওয়া হয় সাগরে

মালয়েশিয়া পাচারের জন্য জিম্মি করার পর তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে অস্ত্রের মুখে জিম্মি করা এ লোকদের সাগরে ফেলে দেওয়ারও হুমকি দেয় পাচারকারীরা। উদ্ধার হওয়াদের দাবি, পাচারকারীরা সাতজনকে সাগরে ফেলে দিয়েছে।

উদ্ধার হওয়া জাহাঙ্গীর দাবি করেন, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালাল চক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন। শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তারা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করেন।

যেভাবে তোলা হয় ট্রলারে

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, বাড়ি থেকে ডেকে নিয়ে, কাজের প্রলোভন ও বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে বিভিন্ন স্থান থেকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তোলা হয়। সেখানে শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা।

উখিয়ার রিদোয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে বুঝতে পারেন, তারা মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।

তিনি জানান, আটকে রাখার পর তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। বাইরের কারো সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। পাচারকারীরা লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে পাহারা দিতো। ৮-৯ দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে তাদের নেওয়া হয়। সেখানে নারীসহ অন্তত ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।

তার ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরো দুদিন তাদের থাকতে হয়েছে। এ সময় দিনে দুবেলা সামান্য খাবার দেওয়া হতো।

রিদোয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয়। প্রতিবাদে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন। শুক্রবার সন্ধ্যার পর তারা লাবণী পয়েন্টে ট্রলার ভেড়াতে সক্ষম হন।

স্বজনদের খোঁজে থানায়

এদিকে উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন স্বজনরা। তাদের একজন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানতে চাওয়া হয়, ছেলের খবর পেয়েছেন কি না। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

সাইফুলের অভিযোগ, ফোনের অন্যপ্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

আরেকজন অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।

উদ্ধার হওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।

মানব পাচারের হোতা আমিন

টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানব পাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতে ছোট নৌকায় করে সাগরের মাঝখানে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এ কাজে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন স্থানীয়রা।

তারা জানান, আব্দুল আমিনের বিরুদ্ধে পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে অপহরণ, মাদক ও মানব পাচারসংক্রান্ত অভিযোগও রয়েছে। এছাড়া তারা জানান, টেকনাফ সদরের আন্তর্জাতিক মানব পাচারকারী সাইফুল ইসলাম, শামসুল আলম, হেলাল, ইসমাইল, আব্দুল্লাহসহ ২০-৩০ জনের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ %

জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি

আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএমইউতে এনডিএফের র‍্যালি

অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে

জাতীয় তাফসির প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন মাহমুদুল হাসান ও নাঈমুর রহমানের

চরমোনাইয়ের মাহফিলের তারিখ পরিবর্তন