বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন-৪৯ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়।
আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকার চোরাকারবারিদের কাছ থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিলেন। চোরাই হীরাগুলো ভারতের কলকাতায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।
উদ্ধারকৃত ডায়মন্ডের মোট ওজন ১৫৫ দশমিক ৭৬ গ্রাম, যার প্রায় বাজারমূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। বিজিবি ডায়মন্ডগুলো যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করিয়ে প্রাথমিকভাবে আসল হীরক হিসেবে নিশ্চিত করেছে। আটককৃত সুজাউদ্দিন গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
আটকের সময় তার কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়েছে: বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি। জব্দকৃত সব মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, “বিজিবির মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, ডায়মন্ড ও অন্যান্য চোরাচালান রোধে যশোর ব্যাটালিয়ন সর্বদা সক্রিয়।”