হোম > জাতীয়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে: তথ্য সচিব

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রোববার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অডিটোরিয়ামে তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, মেধাভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা ত্যাগস্বীকার করেছেন। শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্ট-যন্ত্রণা আমাদের অনুভব করতে হবে। কীভাবে আহতদের চিকিৎসা হবে, কীভাবে শহীদদের পরিবার ও আহতরা পুনর্বাসিত হবেন— এসব বিষয় আমাদের ভাবতে হবে। শহীদদের পরিবার ও আহতদের কাছে আমাদের জবাবদিহি করার সময় এসেছে।

বিগত সরকারের ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময় দেশে কথিত গণতন্ত্র ছিল, কিন্তু আমরা বাক্‌স্বাধীনতা হারিয়েছিলাম। তরুণ সমাজ তাদের ন্যায্য কথা বলতে পারেনি।

জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তারা নিরস্ত্র ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। দেশের জন্য আমাদের সন্তানদের আর যেন বুকের তাজা রক্ত ঢেলে দিতে না হয়, সে বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে।

মাহবুবা ফারজানা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহি আচরণ এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। তিনি আশাপ্রকাশ করে বলেন, আমরা যদি কর্মক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, তাহলে দীর্ঘদিনের গড়ে ওঠা জঞ্জাল দূর করা সম্ভব। তিনি ফ্যাসিবাদমুক্ত একটি সুন্দর দেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসির সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। আলোচনাসভার পূর্বে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার