দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে সোমবার (৩০ মার্চ) মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার। আর দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী।
জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল সোমবার (৩০ মার্চ) ৩৯১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৯১টি। মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল জব্দ করা হয়েছে এসব অভিযানে।
জ্বালানি বিভাগ বলছে, এ মাসে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা। কারাদণ্ড পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার। অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার। পেট্রল ৬০ হাজার ২ লিটার।