দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ২৩২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬০ হাজার ৩৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৬ হাজার ৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৩২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের। আর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এমএমআর