গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে বঙ্গভবনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩৩টি জেলা পরিষদের প্রশাসকেরা রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়মের জাল থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সক্রিয় ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকেরা তাদের পদমর্যাদাক্রম উন্নীতকরণসহ বিভিন্ন দাবি-দাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাঁদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার; তাই আপনাদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সাহসী ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ ছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।