বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। দুই নেতা মনে করেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতেও তাঁরা একমত হয়েছেন।
হুমায়ুন কবির জানান, প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সামরিক খাতে সহযোগিতা এবং বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও তুরস্ক কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে তাঁরা মতবিনিময় করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ও এরদোয়ানের সঙ্গে বৈঠকের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশকে এখন কতটা গুরুত্ব দেয়, এই বৈঠক তার বড় প্রমাণ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এসেছেন। সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের একজন। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুরস্কের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।