হোম > জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ সদস্যদের ৯ নির্দেশনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের জন্য ৯টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট সংগ্রহ থেকে শুরু করে ভোট দেওয়া এবং ব্যালট বাক্সে জমা দেওয়া—প্রতিটি ধাপেই এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ করা হবে। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রমের মধ্যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।

ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি ও করণীয় তুলে ধরা হয়েছে।

সংসদে প্রবেশের সময়

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। এই সময় বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

সংসদ কক্ষে ঢোকার সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

ব্যালট সংগ্রহের নিয়ম

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। এরপর ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সেটি সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

যেভাবে ভোট দিতে হবে

ব্যালট পেপারের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে থাকা নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে দেখাতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রচার-প্রচারণা করা যাবে না

ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনি প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যা হলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।

এ ছাড়া ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে স্বাক্ষর না করে পূর্ণ নাম লিখতে হবে।

ভোট শেষে গণনা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। প্রথমে কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে, তার হিসাব করা হবে।

এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করবে।

যেভাবে শুরু এবারের নির্বাচন

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় আজ সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এএম

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ছয় মাসে কারিগরি প্রশিক্ষণ শেষ করেছে সোয়া দুই লাখ মানুষ

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ

সারা দেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

রোহিঙ্গাদের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে: সেনাপ্রধান