হোম > জাতীয়

দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে জুলাই বিপ্লব এবং শহীদ উসমান হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে। দেশের প্রতিটি জেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে জুলাই বিপ্লবের চিত্রকর্ম ও গ্রাফিতি প্রদর্শনীর জন্য পাঠানো হয়েছে, যা এ আন্দোলনের চেতনা মানুষের মধ্যে এখনো গভীরভাবে বিদ্যমান থাকার প্রমাণ।

শুক্রবার ডাকসু প্রাঙ্গণে আয়োজিত ক্যালিগ্রাফি, আর্ট ও জুলাই গ্রাফিতি এক্সিবিশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দেওয়া শহীদ উসমান হাদির বৈপ্লবিক আহ্বানকে ক্যালিগ্রাফি, চিত্রকর্ম ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। আয়োজনের ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের আঁকা চিত্রকর্ম পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চিত্রকর্ম পাঠিয়েছে। এতে প্রমাণিত হয়, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে জুলাই বিপ্লব ও শহীদ উসমান হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে।’

ডাকসু ভিপি বলেন, যারা বাংলার জমিন থেকে জুলাই বিপ্লব ও এর আকাঙ্ক্ষাকে মুছে দিতে চায়, তারা কখনো সফল হবে না। শহীদদের রক্তের বিনিময়ে এ দেশে ইনসাফ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং তাদের সংগ্রাম ও আকাঙ্ক্ষার কথা মানুষের কাছে বারবার তুলে ধরা জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের শহীদদের স্মৃতিকথা নিয়মিতভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম বলেন, ‘শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাদের কথা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাও তত বেশি শক্তিশালী হবে।’

তিনি আরো বলেন, এ ধরনের আয়োজন করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। কিন্তু জুলাই বিপ্লবের দুই বছর পেরিয়ে গেলেও তারা বিপ্লবের ফসল ঘরে তুললেও বিপ্লবের চেতনাকে ধারণ করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

ডাকসু ভিপি বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগের ঘাটতি থাকলেও নাগরিকদের নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরার মতো আয়োজন ছড়িয়ে দিতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরা সম্ভব হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের কথা বারবার স্মরণ করতে হবে। তাদের আত্মত্যাগকে শুধু নির্দিষ্ট কোনো দিন বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে তা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে আয়োজনে যুক্ত ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আক্তারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আয়োজনটি সফল করতে ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজের অক্লান্ত পরিশ্রমের কথাও তুলে ধরা হয়।

আয়োজনে প্রদর্শিত ক্যালিগ্রাফি, আর্ট ও জুলাই গ্রাফিতির মাধ্যমে জুলাই বিপ্লব, শহীদদের আত্মত্যাগ এবং আধিপত্যবিরোধী বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

দেশের ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়নের ওপর নির্ভরশীল: দুলু

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড: টুকু

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া

বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই সবার সমান অধিকার: ইশরাক

হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর