হোম > জাতীয়

৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

স্টাফ রিপোর্টার

চলতি বছর এজেন্সির কাছ থেকে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর বীমা বহির্ভূত চিকিৎসা ব্যয় বাবদ কেটে রাখা অর্থ ফেরত দিয়েছে সৌদি আরব। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, সৌদি আরব থেকে ফেরত পাওয়া এই অর্থের পরিমাণ ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা ও দেশের বৈদেশিক মুদ্রা সাচয়ে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এটি প্রমাণ করে যে, বর্তমান সরকার দেশের নাগরিকদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে।

তিনি জানান, বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় আসা ৩০ জন হজযাত্রীর বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল কেটে রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি জানার পর ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ শুরু করে এবং গত ২৯ অক্টোবর সম্পূর্ণ অর্থ ফেরত আসে।

এটি সৌদি আরবের কোনো ভুল ছিল না উল্লেখ করে কায়কোবাদ বলেন, অসুস্থ ব্যক্তি, মানসিক ভারসাম্যহীন, ক্যানসার ও কিডনি রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের হজে পাঠাতে নিষেধ করে সৌদি সরকার। কিন্তু চিকিৎসকদের কিছু অবহেলার কারণে এমন ব্যক্তিরা হজে যাওয়ার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছিল।

মন্ত্রী আরও বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। দোয়া করেন, আগামী হজ যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আগামী হজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে তা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট হবে।

সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সৌদি আরব দয়া করে আমাদের কথা শুনেছে ও বিবেচনা করেছে, এ জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আশা করি, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

মন্ত্রণালয়ের অন্যান্য উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

এছাড়া ২০২৭ সালের হজের বিমান ভাড়া চলতি বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি বৈঠক শেষে সরকারের কঠোর বার্তা

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও

পোশাক খাতের মজুরি নির্ধারণে বোর্ড, সরকারের সিদ্ধান্তকে স্বাগত বিকেএমইএর

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো যে সিদ্ধান্ত

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশনা